বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন।
এরপরও অভাব-অনটন থেকে আমরা বের হতে পারছি না। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদের আঁকড়ে ধরে রেখেছিল।
আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে তারা।’ তিনি বলেন, ‘১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব বা ৭ মাসে শেষ হয়ে যাবে-এটা মনে করা বা বলা ঠিক হবে না।
দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদের অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘণ্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তার হাতকে শক্তিশালী করছি।’
এ্যানি বলেন, ‘১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি। শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি। সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সুযোগও আমরা হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই জেনারেশন সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।’ প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।

