আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭ম ফুলতলা উপজেলা স্কাউট সমাবেশ-২০২৬ সম্পন্ন হয়েছে।
৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৪ দিনব্যাপী এ স্কাউট সমাবেশ শনিবার বিকেলে সনদ বিতরণ, গৌরব পতাকা প্রদান এবং পতাকা অবনমিত করাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ স্কাউটস, ফুলতলা উপজেলার আয়োজনে শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, ফুলতলা উপজেলার সভাপতি সুচি রানী সাহা।
উপজেলা সম্পাদক প্রাণ কিশোর চ্যাটার্জীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওঃ সানওয়ার হুসাইন মাসুম, ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, থানা জামায়াতের আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারজানা আক্তার, উপজেলা স্কাউটের সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবীর, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, মনিরা পারভীন, সহকারী কমিশনার মোঃ মহসিন বিশ্বাস, স্কাউট লিডার মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোরাদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুর রহমানসহ উপজেলা স্কাউট কমিটির নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটের কমিশনার মোঃ আনোয়ার হোসেন। “করবো স্কাউটিং, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে এবং শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমে জাগ্রত করার লক্ষ্যে ফুলতলা উপজেলার মাধ্যমিক স্তরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪টি স্কাউট দল ও ইউনিট লিডারবৃন্দের অংশগ্রহণে এ সমাবেশে তাঁবুকলা, হাইকিং, মহা তাঁবুজলসা, ক্যাম্প ফায়ার, প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কাউট সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। এসব কর্মসূচিতে স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

