দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে জনমতের ওপর ভিত্তি করে আরও কার্যকরী ও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমান সরকার অপরাধ দমনে কোনো ধরনের আপস করবে না।
এ সময় রাজধানীর অলিগলিতে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, পাড়া-মহল্লায় গড়ে ওঠা স্কুল-কলেজগুলো যেন সুনির্দিষ্ট সরকারি নীতিমালায় পরিচালিত হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে নজরদারি আরও জোরদার করা হবে। নীতিমালার বাইরে কোনো প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না।
অনুষ্ঠানে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

