শ্বাসরুদ্ধকর ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। বাংলাদেশ সময় শনিবার রাতে সেভিয়ার এস্তাদিও লা কর্তোজায় ফাইনাল নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম মৌসুম পর ট্রফি ঘরে তোলে সোসিয়েদাদ।
এদিন ম্যাচের শুরুতেই ইতিহাস গড়ে সোসিয়েদাদ। মাত্র ১৪ সেকেন্ডে গনসালো গুয়েদেসের ক্রস থেকে হেডে গোল করে ফাইনালের দ্রুততম গোলের রেকর্ড করেন আন্দের বারেনেক্সিয়া। তবে ১৮তম মিনিটে আতলেতিকোর আদেমোলা লুকম্যান সমতা ফেরান।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আবারও সোসিয়েদাদকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। ফলে বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে থাকে বাস্ক দলটি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় আতলেতিকো। অবশেষে ৮৩তম মিনিটে হুলিয়ান আলভারেস দুর্দান্ত শটে গোল করে ম্যাচে দ্বিতীয়বার সমতা ফেরান।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়েও। এসময় আর কোনো দল গোল করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে দুটি পেনাল্টি রুখে দিয়ে দলের নায়ক হয়ে ওঠেন সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মাররো। পরে, পাবলো মারিনের শেষ শট সোসিয়েদাদের শিরোপা নিশ্চিত করে।
এটি রিয়াল সোসিয়েদাদের কোপা দেল রেতে চতুর্থ শিরোপা। এর আগে ২০১৯-২০ মৌসুমে ৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ট্রফি জিতেছিল তারা। অন্যদিকে, ১০ বারের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ শেষবার এই শিরোপা জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। ফলে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

