বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। আরব দেশটির হয়ে একমাত্র গোলটি করেন ইসমাইল সাইবারি, আর ব্রাজিলের পক্ষে সমতাসূচক গোলটি আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।
ম্যাচের ২১তম মিনিটে সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। শুরুতেই ধাক্কা খাওয়া ব্রাজিল অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। আক্রমণের ধার বাড়িয়ে ৩২তম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস।
এরপর ম্যাচজুড়ে দুই দলই জয়ের গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালায়। তবে রক্ষণভাগ ও গোলরক্ষকদের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ফলে সমতায় শেষ হয় লড়াই।

