বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় মা আয়েশা বেগম গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রংপুরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং আয়েশা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করান।

