তুরস্কের আনতালিয়ায় চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের অবস্থান ও বিশ্বনেতাদের প্রতি করণীয় তুলে ধরবেন তিনি।
আজ বাংলাদেশ সময় ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন সকালে সম্মেলনস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
তার সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বনেতারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গতকাল বুধবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। এছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

