রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাসা সংলগ্ন প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্যারাগন মাঠ এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তিনি শরীয়তপুর জেলার ৪ নম্বর ওয়ার্ডের তুলাসার এলাকার স্থায়ী বাসিন্দা।
পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

