চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হবে আজ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এই ফলাফল প্রকাশিত হবে। রোববার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফলাফল সোমবার বিকেল ৩টায় স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ ছাড়া আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।
এই অবস্থায় শিক্ষার্থীদের স্ব-স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সবমিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন অকৃতকার্য হন।
পরবর্তীতে ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল গত ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। এই সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

