ইসরায়েলের রাজনীতিতে নতুন সরকার গঠন নিয়ে চলছে টানাপোড়েন। এর মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের আরব-অধ্যুষিত রাজনৈতিক দল রা’আমের প্রধান মানসুর আব্বাস।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, শনিবার (২৮ নভেম্বর) রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে হামাসের বিষয়ে নিজের এই অবস্থান জানান মানসুর আব্বাস। এর ফলে গাদি আইজেনকটের নেতৃত্বে সম্ভাব্য নতুন সরকারে রা’আমের যোগ দেয়ার পথে বড় একটি বাধা দূর হতে পারে। তবে এ অবস্থানের কারণে নিজের প্রাণনাশের আশঙ্কাও করছেন তিনি।
মূলত আইজেনকটের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে হলে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়াসহ চারটি শর্ত মানতে হবে। সাক্ষাৎকারে আব্বাস জানান, তিনি আইজেনকটের সব শর্তেই সম্মত।
চ্যানেল ১২ নিউজকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস সরাসরি মুখে হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা এড়িয়ে যান। তবে তিনি নিশ্চিত করেন, চলতি সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে উত্থাপিত একটি বিলে তার দল যৌথভাবে সমর্থন দিয়েছে। ওই বিলে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। আব্বাস নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, আইজেনকট তার নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার জন্য যে চারটি শর্ত দিয়েছেন, সেগুলোর সবকটিতেই তিনি সম্মত। শর্তগুলো হলো-ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ মেনে নেয়া, সব নাগরিকের জন্য বাধ্যতামূলক জাতীয় সেবার পক্ষে থাকা এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেয়া।

