সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত ও ডিপোতে এই ঝটিকা অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল। খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীব কুমার অভিযান চালান। অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়।
এ সময় খেজুরবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

