ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময় নির্ধারণ করে ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি আনোয়ার। তার ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে কেউ ভিক্ষা করতে পারবেন না। আর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। এ নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি আনোয়ার হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না।
ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেউ ভিক্ষা করলে দেড় হাজার টাকা জরিমানা ও তিন দিনের জেল হতে পারে।
ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া এবং নিয়ম অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিক্ষুককে দেখেছি। আর কিছু জানা নেই।

