স্বর্ণ পামজয়ী ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। তার আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, সাজা ঘোষণার পাশাপাশি পানাহির ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনে যুক্ত হওয়াও নিষিদ্ধ করা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তিনি।
দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, পানাহির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রকাশ না করা হলেও বলা হয়েছে তিনি রাষ্ট্রবিরোধী প্রচারণায় লিপ্ত ছিলেন। বর্তমানে ফ্রান্সে থাকা এই নির্মাতা তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’–এর প্রচারণার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউইয়র্কে সদ্য অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে ছবিটি তিনটি পুরস্কার জিতেছে। সামনে মরক্কোর মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেয়ারও কথা রয়েছে তার।
জাফর পানাহির সঙ্গে ইরানি কর্তৃপক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ২০১০ সালে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে দেশত্যাগ ও চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা দেয়া হয়। ছয় বছরের দণ্ড ঘোষণার পরও তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। নিষেধাজ্ঞা অমান্য করেই তিনি দিজ ইজ নট আ ফিল্ম এবং ট্যাক্সি–র মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেন।
জাফর পানাহি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার সাহসী নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ট্যাক্সি, থ্রি ফেসেস ও দিস ইজ নট আ ফিল্ম—যেগুলোর মাধ্যমে তিনি ইরানে সেন্সরশিপ, মানবাধিকার ও স্বাধীন মত প্রকাশের সংকটকে তুলে ধরেছেন। সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির কারণে পানাহি বহুবার রাষ্ট্রীয় চাপের মুখে পড়েছেন। এমনকি ২০২২ সালে সরকারবিরোধী প্রতিবাদকে সমর্থন এবং রাজনৈতিক অবস্থান প্রকাশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সেই বছরে তাকে ছয় বছরের পুরোনো রায়ের ভিত্তিতে কারাদণ্ড ভোগ করতে হয়, যদিও আন্তর্জাতিক চাপে সাত মাস পর তিনি মুক্তি পান এই নির্মাতা।

