সানিয়া মির্জা সম্প্রতি প্রথমবারের মতো খোলাখুলি কথা বলেছেন বিচ্ছেদের পর একা সন্তান বড় করার বিষয়টি নিয়ে। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর ছয় বছর বয়সী ছেলে ইজহান মির্জা মালিককে একাই বড় করছেন সানিয়া।
চলতি সপ্তাহে সানিয়ে মির্জার ইউটিউব শো ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’য় এর এক পর্বে সানিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড পরিচালক ফারাহ খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সেখানেই সানিয়া জানান, এই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। তিনি বলেন, সিঙ্গেল মা হওয়া সত্যিই খুব কঠিন, আমি কাজ, সন্তান এবং নিজের মানসিক স্বাস্থ্য সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে কখনও কখনও পুরোপুরি ভেঙে পড়েছি।
আড্ডায় ফারাহ প্রথমে নিজের শৈশবের কষ্টের স্মৃতি ভাগ করে নেন যেভাবে তার বাবার চলচ্চিত্র ব্যর্থ হওয়ার পর পরিবার হঠাৎ দারিদ্র্যের মধ্যে পড়ে যায়, আর তার বাবার মদ্যপানে আসক্তি তাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এই কথোপকথনের মাঝেই ফারাহ সানিয়ার প্রশংসা করে বলেন, তুমি এখন একজন সিঙ্গেল মাদার, আর এর চেয়ে কঠিন কিছু নেই। জীবন সহজ নয়, কিন্তু তুমি যেভাবে সামলে নিচ্ছ সেটা অনুপ্রেরণাদায়ক।
এর পর সানিয়া বলেন, একদিন আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি ছিল। আমি লাইভ শোতে যাওয়ার আগে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন তুমি সেটে এসেছিলে। আমি কাঁপছিলাম, ভয় পাচ্ছিলাম। যদি তুমি না থাকতে, আমি হয়তো সেই দিন শো করতে পারতাম না।
ফারাহ তখন স্মরণ করেন, আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমাকে এমন অবস্থায় কখনও দেখিনি। সানিয়া বলেন, আমি জানি জীবন কঠিন, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আমার সন্তানকে ভালোবাসা, সাহস আর স্থিতধীতা শেখাতে চাই। আমি চাই সে দেখুক, তার মা কখনও হেরে যায় না।
প্রসঙ্গত, ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন। তাদের বিয়ে ছিল দুই দেশের আলোচিত এক সম্পর্কের গল্প। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনে ২০১৮ সালে জন্ম নেয় তাদের ছেলে ইজহান মির্জা মালিক। তবে বছরের পর বছর নানা গুঞ্জন ও দূরত্বের পর ২০২৪ সালের জানুয়ারিতে সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ নিশ্চিত হয়। বিচ্ছেদের পর থেকেই সানিয়া নিজের ছেলেকে নিয়ে একাই থাকছেন।

