রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়ন ও গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন। রায়ের প্রতিক্রিয়ায় এনইউজি বলেছে, দিনটি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এবং মিয়ানমারে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগ বিশ্বের সর্বোচ্চ আদালতের সামনে উঠে এসেছে।
এটি গণহত্যা প্রতিরোধ, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বকে পুনর্ব্যক্ত করে। এনইউজি আইসিজের রায়কে শ্রদ্ধা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ২০২১ সালে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিপ্লব শুরুর পর থেকেই আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার এবং গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তির ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে এনইউজি। আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে অর্থবহ জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেকোনো ধরনের নৃশংসতা প্রতিরোধে প্রতিশ্রুতি অটুট রাখার কথাও জানিয়েছে তারা। বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টার পাশাপাশি মিয়ানমারজুড়ে বেসামরিক নাগরিকদের ওপর সামরিক জান্তার চলমান সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। রাখাইন, চিন, কাচিন, কারেনি, কারিন, শান, সাগাইং, মাগওয়ে ও অন্যান্য অঞ্চলের মানুষ এখনো বিমান হামলা, হত্যাকাণ্ড, নির্বিচারে আটক, নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। হাসপাতাল, স্কুল, মঠ ও গির্জাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সহিংসতার এ চক্র ও দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটিয়ে নৃশংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ন্যায়বিচারের প্রতি তাদের অঙ্গীকারকে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার উচিত জবাবদিহিতা জোরদার করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে জান্তার যুদ্ধ পরিচালনার সক্ষমতা টিকিয়ে রাখা অস্ত্র, জ্বালানি তেল ও আর্থিক সম্পদের প্রবাহ বন্ধে উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য শান্তি, নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারের পূর্ণ সুরক্ষা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

