২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ ঐতিহাসিক রায়কে জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের ঐতিহাসিক এই রায় ঘোষণা পর এক বিবৃতিতে মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এ প্রতিক্রিয়া জানান।
ভলকার তুর্ক বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং মিয়ানমারে দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে এ রায়কে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে। একই সঙ্গে আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়নে মিয়ানমারকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার রাষ্ট্রের নির্যাতন মানবতার বিবেকের ওপর কলঙ্ক। এ রায় প্রমাণ করেছে, সত্য উদ্ঘাটন ও অপরাধের দায় নির্ধারণে আন্তর্জাতিক আইন এবং বিচারব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বিশ্বের বিভিন্ন দেশের প্রতি মিয়ানমারে সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল ও দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী সরবরাহ বন্ধের আহ্বান জানান। পাশাপাশি তিনি রোহিঙ্গা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা এবং বাংলাদেশসহ আশ্রয়দানকারী দেশগুলোতে মানবিক কার্যক্রমে ধারাবাহিক অর্থায়নের ওপর গুরুত্ব দেন। মানবাধিকার প্রধান বলেন, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো উচিত নয়। তাদের নাগরিকত্ব পুনর্বহাল করা দরকার।
এ ছাড়া, রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও সহিংসতায় উসকানি বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ভলকার তুর্ক। তিনি বলেন, আইসিজের রায় চূড়ান্ত, আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

