ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বাইরে কয়েক শ ডানপন্থি বিক্ষোভকারী সমাবেশ করেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) নেসেটের নতুন সদস্যদের শপথ গ্রহণের সময় তারা বিরোধী দল ইয়াশারের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের সম্ভাবনার তীব্র প্রতিবাদ জানান। এমন সরকার গঠন হলে ‘গৃহযুদ্ধ’ শুরু হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ডানপন্থি সংগঠন ইম তিরৎসুর আয়োজনে এ বিক্ষোভের মূল লক্ষ্য ছিল জয়েন্ট লিস্ট ও রা’আম দলকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ হিসেবে আখ্যা দেয়া এবং এসব দলের সমর্থনের ওপর নির্ভরশীল সরকারকে অবৈধ ঘোষণা করা। বিক্ষোভে বক্তারা ও অংশগ্রহণকারীরা বারবার রক্তপাতের আশঙ্কা প্রকাশ করেন।
একজন বিক্ষোভকারী টাইমস অব ইসরায়েলকে বলেন, ‘আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।’ সমাবেশজুড়ে বিক্ষোভকারীরা ‘আমরা ইহুদি রাষ্ট্র চাই’ স্লোগান দেন। তাদের দাবি, আরব রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে দেশের ইহুদি চরিত্র ক্ষুণ্ন হবে।
দুটি সম্ভাব্য নির্বাচনি জালিয়াতির তদন্তের কথা উল্লেখ করে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে। তারা নতুন নির্বাচনের দাবিও জানান। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বলেছেন, তদন্তের ফল নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে না।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন আইজেনকোটকে। তবে আরব সংগঠন জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থন ছাড়া তার জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই। আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের বিষয়েও তার জোটের ভেতরে বিরোধিতা রয়েছে।
আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের প্রচেষ্টা ঠেকাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার জয়েন্ট লিস্ট ও রা’আমকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে আখ্যা দিয়েছেন। মঙ্গলবার নেসেটে দেয়া এক তীব্র ভাষণেও তিনি একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন।
তবে জয়েন্ট লিস্ট ও রা’আম এ অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। চলতি সপ্তাহের শুরুতে হারজোগের সঙ্গে আলোচনায় জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি বলেন, ৭ অক্টোবর হামাসের হাতে নিহত এক বিশিষ্ট শান্তিকর্মীর শেষকৃত্যে নেতানিয়াহু নয়, তিনিই উপস্থিত ছিলেন। অন্যদিকে, ‘বিয়াচাদ’ দলের নেসেট সদস্য রাম বেন বারাক মন্তব্য করেন যে, নেসেটের মধ্যে একমাত্র দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসবাদের সমর্থক হলেন ইতামার বেন গভির।
উগ্র জাতীয়তাবাদী নেতা ইতামার বেন গভির দাবি করেছিলেন, আরব নেসেট সদস্যরা হামাস ও হিজবুল্লাহকে সমর্থন করেন- এর জবাবেই বেন বারাক এই কথা বলেন। নেসেট ভবনের সামনে বিক্ষোভের সময় পুলিশ তিন সারি ব্যারিকেড বসায়। সশস্ত্র সীমান্তরক্ষী পুলিশ সদস্যরা এসব ব্যারিকেডের দায়িত্বে ছিলেন, যাতে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের প্রবেশ সড়কে যেতে না পারেন।
বিক্ষোভটি শান্তিপূর্ণ ছিল। বেশির ভাগ সময় অংশগ্রহণকারীরা ব্যারিকেড থেকে কয়েক মিটার দূরে অবস্থান করেন। তবে একপর্যায়ে কয়েক ডজন বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেডের কাছে গিয়ে মিছিল করেন। তারা স্লোগান দেন, আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হবে ‘যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’। এ সময় তারা বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা যায় না।’

