মধ্যপ্রাচ্যে চলমান ইরান সংঘাতের প্রভাবে বাড়তে থাকা মূল্যস্ফীতি মোকাবিলায় ১৯ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বুধবার (৩ জুন) সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অনিশ্চিত। সম্ভাব্য ঝুঁকি কমিয়ে আনা এবং জনগণের ওপর অর্থনৈতিক চাপ লাঘবের লক্ষ্যেই এই বাজেট পাশ করা হয়েছে।
গত মাসে, প্রধানমন্ত্রী তাকাইচি জানিয়েছিলেন, অতিরিক্ত এই বাজেটের অর্থ পেট্রোল, বিদ্যুৎ ও গ্যাসের ক্রমবর্ধমান খরচ কমাতে ব্যবহার করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতেও বিভিন্ন সহায়তা কর্মসূচি নেওয়া হতে পারে।

