আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক হবে বলে আমার মনে হয়। আর বিষয়টি দারুণ হবে।’
তিনি যোগ করেন, ‘পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আমরা অনেক বিষয় নিয়ে কথা বলব। তবে আরও বহু বিষয় নিয়েই আলোচনা হবে। আমরা ইরানে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছি এবং আমরা ভালোভাবেই এগোচ্ছি, কারণ আপনারা জানেন, আমাদের যা করতে হচ্ছে, তা হলো তাদের ওপর সর্বাত্মক অর্থনৈতিক ও লজিস্টিক অবরোধ তৈরি করা।’
ট্রাম্প বলেন, ইরানের স্থলপথের সরবরাহ পথগুলো ব্যাহত করার লক্ষ্যে মার্কিন অপারেশন ‘আয়রন গেট’ কার্যকর রয়েছে। তিনি জানান, ‘এর মানে হলো স্থলপথে কোনো কিছু প্রবেশ করতে পারছে না। আর আপনারা জানেন, নৌপথেও অবরোধ রয়েছে, ফলে জলপথেও কিছু ঢুকছে না।’ ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত অ্যাপেকের সদস্য সংখ্যা ২১, যার মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত রয়েছে। এর শীর্ষ নেতারা বার্ষিক বৈঠকে অংশ নেন।

