পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রটি বিধ্বস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্রটি ছিল রাশিয়ার পক্ষ থেকে রাতভর ইউক্রেনের বিরুদ্ধে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অংশ। এতে শিশুসহ অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রতিবেশী ন্যাটো দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করছে। এ নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। পোল্যান্ড জোটের এমন কয়েকটি সদস্য দেশের মধ্যে অন্যতম, যেগুলো বারবার লক্ষ্যভ্রষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সম্মুখীন হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের ঘটনা ক্রমেই সাধারণ হয়ে উঠছে, কারণ রাশিয়া ও ইউক্রেন একে অপরের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ন্যাটোর এক মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর পোল্যান্ডসহ ন্যাটোর সদস্য দেশগুলো এফ-১৬ যুদ্ধবিমান, একটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং একটি আকাশস্থ আগাম সতর্কীকরণ বিমান মোতায়েন করেছে।
তিনি বলেন, ন্যাটো তার ভূখণ্ড রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

