ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র সাফ জানিয়ে দিয়েছেন—ইসরায়েল কোনোভাবেই প্যালেস্টাইন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নেবে না।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইসরায়েলের নীতি স্পষ্ট—’কোনো প্যালেস্টাইন রাষ্ট্র নয়’।
তিনি দাবি করেন, গাজা উপত্যকা সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত করা হবে। সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় হামাসকে সামরিকভাবে দমন করা হবে এবং বাকি এলাকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী অথবা ইসরায়েলি বাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।
একই প্ল্যাটফর্মে আলাদা পোস্টে পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বলেন, ইসরায়েল কখনই প্যালেস্টাইন রাষ্ট্রের প্রস্তাবে সম্মত হবে না।
এর আগে, ইসরায়েলের দুই কট্টর-ডানপন্থী মন্ত্রী—ইতামার বেন গেভির ও বেজালেল স্মোত্রিচ—প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দেন স্পষ্টভাবে ঘোষণা দিতে যে ইসরায়েল কখনো প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না।
তাদের এই চাপ বাড়ে শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার, মিসর, ইউএই ও সৌদি আরবসহ কয়েকটি দেশের যৌথ বিবৃতি প্রকাশের পর। সেই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রাম্প-উদ্যোগী পরিকল্পনা গাজা ইস্যু সমাধানে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করতে পারে।

