তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিরুপাত্তুর আসনে এক নজিরবিহীন ও অবিশ্বাস্য ফলাফল দেখা গেছে। রাজ্যের কো-অপারেটিভ মন্ত্রী এবং ডিএমকে-র প্রভাবশালী প্রবীণ নেতা কেআর পেরিয়াকারুপ্পান মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। মঙ্গলবার ( ৫ মে ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে) -এর প্রার্থী শ্রীনিবাস সেতুপ্যাথি আর ৮৩,৩৭৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে, ডিএমকে-র পেরিয়াকারুপ্পান পেয়েছেন ৮৩,৩৭৪টি ভোট। এছাড়া বিজেপির প্রার্থী কেসি থিরুমারান ২৯,০৫৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
দা ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে আর জানা যায়, ভোট গণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এমনকি শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় ১ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিভিকে প্রার্থী।
একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এই হার তামিলনাড়ুর রাজনীতিতে মেগাস্টার বিজয়ের দল টিভিকে-র ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দেয়। এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিকে বড়সড় ধাক্কা দিল।

