ইন্দো-প্রশান্ত মহাসাগর অঞ্চলে নিজেদের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। ত্রিপাক্ষিক এই চুক্তিটির নাম ‘ট্রাইলাটারাল আর্কটিক প্যাসিফিক পার্টনারশিপ’ বা ট্যাপ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। বলা হয়েছে, গতকাল ৩০ অক্টোবর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে জি২০ জোটের সম্মেলনে অবসরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বৈঠকে ‘ট্যাপ’ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ত্রিপক্ষীয় অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যালোচনা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও জ্বালানি সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন রুবিও, তোশিমিৎসু এবং হিউন এবং এ সংক্রান্ত পৃথক একটি সহযোগিতা স্মারক চুক্তিও (মেমোর্যান্ডম অব কো-অপারেশন-মক) স্বাক্ষর করেছেন তারা।
বৈঠকে ৩ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আটলান্টার বৈঠকে রুবিও দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়টি উত্থাপন করেছেন। আলোচনায় অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে; তিন দেশই অর্থনৈতিক জবরদস্তি এবং সরবরাহ শৃঙ্খলকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছে।
তারা ‘স্মল মডুলার রিঅ্যাক্টর’ মোতায়েন সংক্রান্ত ত্রিপক্ষীয় সহযোগিতা স্মারকের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছেন। উল্লেখ্য, এই স্মারকটি জুলাই মাসে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল।

