ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইসেনকট।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষ সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে শনিবার তাকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট।
আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের মুখপাত্র বলেন, ‘প্রেসিডেন্ট হারজগ গাদি আইসেনকটকে প্রেসিডেন্টের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। আগামীকাল তাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।’
ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। নির্বাচনে তার ধর্মীয় ও জাতীয়তাবাদী জোট ইসরায়েলের পার্লামেন্টে (নেসেটে) সংখ্যাগরিষ্ঠতা হারালেও একক জোট হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে।
দেশটির সাবেক সেনাপ্রধান আইসেনকট আরব দলগুলোর সঙ্গে জোট গড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ওই দলগুলোর সমর্থন পেলে তিনি নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেন।
এরপরও নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী মিত্রদের নীতির সমালোচক আরব নেতারা আইসেনকটকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন। ফলে তিনিই পেয়েছেন সবচেয়ে বেশি সমর্থন।
নির্বাচনের পর সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করা ইসরায়েলের প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্বের অংশ। তবে দেশটির প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক।
এদিকে, সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইসেনকট লিখেছেন, ‘এখন জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন সেই দায়িত্ব পালনের যোগ্য হই, তা নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’

