ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী বানি হুশাইশ শহরের একটি গ্রামে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। হুতি-পরিচালিত সাবা সংবাদ সংস্থার সূত্র দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত জুলাই মাসে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে লড়াই পুনরায় শুরু হওয়ার পর এটি অন্যতম প্রাণঘাতী হামলার ঘটনা।
সানার পূর্বে অবস্থিত হু্তি নিয়ন্ত্রিত বানি হুশাইশ এলাকার বাড়িঘর লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ নারী ও শিশু।
স্থানীয় সেহাতুনা হাসপাতালের পরিচালক আব্দুল-আজিজ আল-দাইলামি জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আবারও বিমান হামলা চালানো হয়, যার ফলে অনেক উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীও হতাহত হয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন এবং হাসপাতালে গুরুতর আহত বহু রোগী চিকিৎসা নিচ্ছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে জুলাই মাসে নতুন করে লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ফলে হুতিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং জবাবে রিয়াদও ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে।
দীর্ঘ ১২ বছর ধরে চলা এই সংঘাত বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, সর্বশেষ এই দফায় সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতিমধ্যে দুই লাখ ছাড়িয়ে গেছে।

