যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা স্থগিত হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর সমাধান না আসায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা যায়, আগামী জুনে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৪৫ সেন্ট বা ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের, সেশনেও এই তেলের দাম ২.৮ শতাংশ বেড়েছিল। এ নিয়ে টানা সাত দিন ব্রেন্ট ক্রুডের বাজারদর বাড়ল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআই ক্রুডের দামও সমান্তরালভাবে বেড়েছে। জুনে সরবরাহের চুক্তিতে এই তেলের দাম ৫৮ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.৯৬ ডলারে কেনাবেচা হচ্ছে। আগের কার্যদিবসেও ডব্লিউটিআই তেলের দাম ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ না থাকায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত এই অনিশ্চয়তার কারণেই তেলের বাজারে এমন অস্থিরতা দেখা দিচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

