ফ্রান্সে স্কুলের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভ থেকে শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির সরকার জানিয়েছে, তারা অন্তত ১২০০ জনকে গ্রেপ্তার করেছে। এদিন আনুমানিক সাড়ে পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। প্যারিসে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে লিমোজ শহরের সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে। এছাড়া বেশ কয়েকটি শহরে লুটপাটের ঘটনা ঘটে।
সিটি হল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে ব্যাপক ভাঙচুরের খবরও পাওয়া গেছে। এসব ঘটনায় প্রায় দেড়শ পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। প্যারিসে শনিবার বিকেলে মূল মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। কয়েকজন তরুণ বলেন, তারা শান্তিবাদী এবং তারা শুধু পরিবর্তন আনার চেষ্টা করছেন কিন্তু কিছুই এগোচ্ছে না।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় আগুন জ্বালানো এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলের বিখ্যাত স্থান প্লাস দ্য লা রিপাবলিকও রয়েছে। দোকানপাট ভাঙচুর করে লুট করা হয়। অন্তত একটি রেস্তোরাঁ আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

