ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলেই নতুন করে আলোচনায় বসতে প্রস্তুত দেশটি। একই সঙ্গে ওয়াশিংটনকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে তেহরান। বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা।
ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নতুন করে কোনো আলোচনা শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে। দেশটি অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
এ বিষয়ে সাক্ষাৎকারে আমির সাঈদ ইরাভানি দাবি করেন, ইরান কখনোই সামরিক আগ্রাসনের সূচনা করেনি। যদি তারা রাজনৈতিক সমাধান চায়, আমরা সদা প্রস্তুত রয়েছি। আর যদি তারা যুদ্ধ চায়, তাতেও ইরান প্রস্তুত।

