যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্ব নিয়ে দলীয় সংকট আরও গভীর হয়েছে। এবার স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক চিঠিতে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই। চিঠিতে স্ট্রিটিং লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের অংশ হয়ে থাকাটা তার কাছে নীতির সঙ্গে সাংঘর্ষিক।
সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির বড় ধরনের ভরাডুবির পর থেকেই চাপে রয়েছেন স্টারমার। এরই মধ্যে তার নেতৃত্বের বিরোধিতা করে কয়েকজন সহকারী মন্ত্রী পদত্যাগ করেছেন। সর্বশেষ পদত্যাগ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী স্ট্রিটিংয়ের সরে দাঁড়ানোয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তৈরি হয়েছে।
এদিকে লেবার পার্টির ৮৬ জন সাংসদ ইতোমধ্যে স্টারমারকে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ স্টারমার সরকারের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।

