ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ট্রাম্প। সেখানেই তিনি এসব দাবি করেন।
বক্তব্যে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন ট্রাম্প। তার দাবি, তার প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে।
ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতলেই তেলের দাম কমে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে।’
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালী’ রাখার প্রস্তাবও দেন তিনি।
রসিকতা করে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই আনন্দিত হবে।’
ইরানকে নিয়ে ট্রাম্প আরও বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে এসেছে। তবে এখন আর তারা সেই অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
(সূত্র: আল জাজিরা)

