ঈদযাত্রাকে সামনে রেখে আজ শুরু হচ্ছে ২৬ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। শনিবার (১৬ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
এর আগে ২৩, ২৪ ও ২৫ মে’র টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
এদিকে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

