রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে সংস্থাটির সাতটি ইউনিট কাজ করে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে ছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বস্তির ভেতরে কেউ আটকে পড়েছেন কি না কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

