দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৬০ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত একদিনে খুলনা বিভাগে ৭২ জনসহ বরিশাল বিভাগে ৭০, চট্টগ্রাম বিভাগে ৫৩, ময়মনসিংহ বিভাগে ১৬, রাজশাহী বিভাগে ১২, রংপুর বিভাগে ৬ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে (১৫ জন)। এছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ বিভাগে ৫ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, খুলনা বিভাগে ৩, বরিশাল বিভাগে ২ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

