মোটরসাইকেল ব্যবসায়ীকে মারধর এবং জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়া ডিজিএফআইয়ের দুই সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হয়েছেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই সেনাসদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের ১ বছরের কারাদণ্ড দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে। শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল রানা নামে এক আনসার সদস্য মোটরসাইকেল কেনার কথা বলে শরীফকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

