লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর।
নিহতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা এলাকার মানছুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বৃদ্ধ বাবুল (৬৫) ও রামগতি উপজেলার যুবক আশিক। এ দুর্ঘটনায় নিহত মানছুরা বেগমের স্বামী ছিদ্দিকুর রহমানও আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

