নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় বাস ও ট্রাকের অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টায় বনপাড়া হাইওয়ে থানার এএসআই আকবুল হোসেন বাদী হয়ে ট্রাক ও বাসের অজ্ঞাত দুই চালকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মঙ্গলবার ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কাছে সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং নিহতদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় প্রতিবেদন দিতে বলা হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

