মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন নদীতে জাল না ফেলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন (টুকু)। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণে জেলেদের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃত্বসহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি পদ্মা নদীর ১৫১টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি এলাকার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ সচেতনতা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
মাদারীপুরের জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দীন আহম্মেদ হানজালা এবং মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইলিশের বংশবৃদ্ধি ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ছোট ইলিশ যদি ডিম ছাড়তে সুযোগ পায়, তা থেকে প্রায় ২ লাখ ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা থাকে। আর বড় ইলিশ থেকে ২০ লাখেরও বেশি ডিম পাওয়া সম্ভব।
জেলেদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে অভিযানের এই ২২ দিন জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এই ২২ দিন একটু কষ্ট হলেও পরবর্তীতে নদীর ইলিশ মাছ আপনাদেরই, আপনারাই ধরবেন। তাই জেলে সম্প্রদায়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ এই সময়ে নদীতে জাল ফেলবেন না। প্রধানমন্ত্রী সকল দিক থেকে দেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত করতে চান। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম ইবনে মিজান, বিএনপি নেত্রী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

