সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছরের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৫ হাজার বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ জন করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অতিরিক্ত কোটা বরাদ্দ দিয়েছে সৌদি আরব।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ধর্মমন্ত্রী। চুক্তি শেষে তিনি জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর সম্মতি দিয়েছেন। এর ফলে ২০২৭ সালের হজে বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল।
দ্বিপক্ষীয় আলোচনায় হজ কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের জন্য আরও সুযোগ তৈরির আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
ধর্মমন্ত্রী জানান, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেছেন সৌদি মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’

