আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে কূটনীতিকদের এ তথ্য জানান তিনি।
ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষে যে অবস্থান, সেটি বিদেশিদের জানানো হয়েছে।
দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের জনগণের সঙ্গে এই সরকারের অবস্থান অত্যন্ত মজবুত। জনগণকে আস্থায় নিয়েই আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা মনে করছে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু উল্টো তারাই আতঙ্কিত হচ্ছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ড দেখতে চায় না। জনগণই এখন তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সরকারের প্রায় নয় মাস হয়ে গেছে। সরকারের বিভিন্ন নীতি ও দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিদেশি বন্ধুদের অবহিত করতেই এই আয়োজন। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত রাখতে চায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর অবস্থানে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে।
ব্রিফিংয়ে অংশ নিয়েছেন চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়াসহ প্রায় ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

