যুক্তরাষ্ট্রে বড় এক মাইলফলক অর্জন করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। আজ ভোরে, ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে ফ্লোরিডার ক্লাবটি। একইসঙ্গে, এ জয়ে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালেও উঠেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
এদিন, ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড পায় স্বাগতিকরা। ৯ মিনিট পর দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকেই। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন। এতে, ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
তবে, বিরতি থেকে ফিরে আবারও গোল হজম করতে হয় নিউইয়র্ক সিটিকে। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এ গোলের সহায়ক ছিলেন এলএমটেন। শেষ দিকে আরও দুটি গোল আসে স্বাগতিকদের ঝুলিতে। ৮৩তম মিনিটে সেগোভিয়া ও ৮৯তম মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আলেন্দে।
এদিকে, এ জয়ে পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে ৪৭ বার শিরোপা জয়ের স্বাদ পেলেন মেসি। ফুটবলার হিসেবে যা এককভাবে সর্বোচ্চ। এছাড়া, এ ম্যাচে অ্যাসিস্টের মাধ্যমে ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে নিয়েছেন মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। আগামী ৭ ডিসেম্বর ওয়েস্টার্ন কনফারেন্স বিজয়ী দলের বিপক্ষে আরেকটি শিরোপার জন্য নামবে মেসিবাহিনী।

