ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।
সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশ্ন রাখেন কেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন, যখন মার্কিন বাহিনী প্রচলিত উপায়েই ইরানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। তার মতে পারমাণবিক অস্ত্র এমন একটি শক্তি যা কখনোই কারো ব্যবহার করা উচিত নয়। ট্রাম্প বলেন, মার্কিন সামরিক শক্তি যেকোনো ধরনের সামরিক পরিস্থিতির মোকাবেলা করার জন্য যথেষ্ট এবং পারমাণবিক অস্ত্রের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই।
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে কোনো ধরনের তাড়াহুড়ো না করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চুক্তির ক্ষেত্রে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমার চাপে নেই এবং তাড়াহুড়ো করে কোনো কাজ করতে চান না। তার মূল লক্ষ্য হলো এমন একটি চুক্তি করা যা দীর্ঘস্থায়ী হবে এবং যার ফলাফল নিয়ে কোনো পক্ষই সংশয়ে থাকবে না।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, ইরানের সামরিক বাহিনী বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো শক্তিশালী অবস্থানে নেই। দেশটির বিমানবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তার তেমন কোনো আতঙ্ক কাজ করছে না। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির এই সময়টিতে ইরান হয়তো তাদের অস্ত্রভাণ্ডার কিছুটা বাড়িয়ে থাকতে পারে। কিন্তু মার্কিন সামরিক বাহিনী চাইলে একদিনের মধ্যেই তাদের এই নতুন অর্জিত শক্তি সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে সক্ষম।

