যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল এল সায়েদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ওয়েইন কাউন্টির সাবেক স্বাস্থ্য পরিচালক এল সায়েদ ডেমোক্রেটিক পার্টির তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারিতে হ্যালি স্টিভেন্সকে সামান্য ব্যবধানে পরাজিত করেছিলেন।
বিজয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এল সায়েদ বলেন, যে মা-বাবারা সন্তানদের বোঝাতে পারছিলেন না যে প্রেসিডেন্ট কেন একজন মানুষের নাম বা তার ধর্ম নিয়ে তামাশা করেন, তারা কাল সকালে গিয়ে সন্তানদের বলুন—খারাপ লোকগুলো হেরে গেছে।
তিনি বলেন, আপনার দেওয়া করের টাকা অন্য দেশের মানুষের ও তাদের সন্তানদের ওপর বোমা ফেলার কাজে ব্যয় না হয়ে আপনার ও আপনার সন্তানের জন্য খরচ হচ্ছে কি না—তা জানার অধিকার নিশ্চিত করা এত কঠিন হওয়া উচিত নয়।
ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডোনাল্ড—আমি জানি আমার নাম উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হতো। তাই আগামী জানুয়ারিতে জেডি (ভ্যান্স) আমাকে শপথ বাক্য পাঠ করানোর পর, তুমি আমাকে সরাসরি ‘সিনেটর’ বলেই ডাকতে পারো।
আব্দুল এল সায়েদ ছোট বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। তার বাবা-মা ছিল মিসরের অভিবাসী। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর বাবা ও সৎ মায়ের কাছে বড় হয়েছেন তিনি।
১৯৯৪ সালের পর থেকে মিশিগান অঙ্গরাজ্যে কোনো রিপাবলিকান প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হতে পারেননি। তবে দুই মেয়াদের ডেমোক্রেটিক সিনেটর গ্যারি পিটার্স অবসর নেওয়ায় এখানে একটি বিরল সুযোগ তৈরি হয়েছিল।

