বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া বক্তব্যের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত ২৮ অক্টোবর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একটি শব্দ অনিচ্ছাকৃতভাবে ব্যবহারের কথা জানিয়ে তিনি এর প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন এবং বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চান তিনি। বিবৃতিতে তিনি জানান, ওই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন।
তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণ উৎসাহিত করার প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন। সমাজে এই জনগোষ্ঠীর অনেকেই অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য। শিক্ষামন্ত্রী বলেন, বক্তব্য দেওয়ার সময় ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি তার শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ এবং তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।

