ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল ছেড়ে যেতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সকল হামলা বা হুমকির জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ইরানের ওপর সর্বশেষ মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যেতে হবে’ বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনও হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না’। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান।’ আরাগচি আরও বলেন, ‘পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির বহু উদাহরণ রয়েছে।’
এর আগে মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে ইরানের একাধিক স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মার্কিন বাহিনী এই হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব’।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, প্রথম দফা হামলায় হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং সিরিক ও জাস্ক বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ইরানের স্থানীয় সময় বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে জাস্কে এবং ভোর সাড়ে চারটার দিকে বন্দর আব্বাসে আরও হামলা ও বিস্ফোরণের খবর জানানো হয়।
আর মার্কিন এই হামলার জবাবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষ এখনও চলমান রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ‘আগ্রাসন’ অব্যাহত থাকলে আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেয়া হবে।
একইসঙ্গে আইআরজিসির মহাকাশ বাহিনী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যরা অবস্থান করছেন। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ক্ষেপণাস্ত্র জর্ডানের ওই ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এর মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং সেখানকার একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রও রয়েছে বলে তারা দাবি করেছে।

