যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরানের ‘আক ক্বালা’ রেল সেতুটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মেরামত করেছেন দেশটির স্থানীয় প্রকৌশলীরা। মেরামত শেষে সেতুটি দিয়ে আবারও নিরাপদে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার পরপরই দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে মেরামত কাজ শুরু করা হয়। দেশের অভ্যন্তরীন ও স্থানীয় বিশেষজ্ঞদের নিবিড় তৎপরতায় রেকর্ড অল্প সময়ের মধ্যেই সেতুটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব হয়েছে।
ইরানি কর্তৃপক্ষের দাবি, গুরুত্বপূর্ণ এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে দিনরাত কাজ করেছেন প্রকৌশলী ও কারিগরি কর্মীরা। মেরামত কাজ শেষ হওয়ার পর কঠোর নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপরই ওই রুটে পুনরায় ট্রেন চলাচলের আনুষ্ঠানিক অনুমতি দেয় প্রশাসন।
এর আগে, যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় আক ক্বালা রেল সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে ইরানি প্রকৌশলীদের এই দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতায় বড় ধরনের দীর্ঘমেয়াদি দুর্ভোগ থেকে রক্ষা পেল অঞ্চলটি।

