চট্টগ্রামে জলাবদ্ধতার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। এটি দূর করতে সময় লাগলেও দ্রুত এই সমস্যা সমাধানে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, অতি বর্ষণের কারণে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় মানুষ কষ্ট পাচ্ছে। এই সমস্যাটি শুধু চট্টগ্রামে না, এই সমস্যা সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সঙ্গে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরেও এ রকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে।
বিভিন্ন শহরে জলাবদ্ধতা দূর করতে ড্রেন-নালায় আবর্জনা না ফেলতে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

