ব্রিটেনের প্রখ্যাত নাট্যকার, বুদ্ধিদীপ্ততা ও গভীরতার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত স্যার টম স্টপার্ড আর নেই।
বিবিসির প্রতিবেদনে জানা যায় ৮৮ বছর বয়সে পরিবারের সদস্যদের সান্নিধ্যে তার মৃত্যু হয়েছে বলে তার এজেন্টরা নিশ্চিত করেছেন। ‘শেক্সপিয়ার ইন লাভ’-এর জন্য অস্কার ও গোল্ডেন গ্লোবজয়ী এই কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা।
তারা এক বিবৃতিতে বলেন, তিনি আমাদের সময়ের সেরা লেখকদের একজন। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তিনি সবসময় বিনয়ী ছিলেন। যেকোনও বিষয়কে তিনি কলমের জাদুতে বদলে দিতে পারতেন।
‘রোজেনক্র্যান্টজ এবং গিল্ডেনস্টার্ন আর ডেড’ এবং ‘দ্য রিয়েল থিং’–এর মতো নাটকে দার্শনিক, রাজনৈতিক ও মানবিক বিষয়কে ব্যতিক্রমী রসিকতার সঙ্গে তুলে ধরেছেন স্টপার্ড। তার এজেন্সি ইউনাইটেড এজেন্টস এক বিবৃতিতে জানিয়েছে, টমকে মনে রাখা হবে তার কাজের উজ্জ্বলতা, মানবিকতা, বুদ্ধিদীপ্ততা এবং ইংরেজি ভাষার প্রতি অগাধ ভালোবাসার জন্য। রক আইকন স্যার মিক জ্যাগার তাকে বলেছেন নিজের প্রিয় নাট্যকার, আর প্রকাশনা সংস্থা ফেবার বুকস জানিয়েছে, গত ৬০ বছরের অন্যতম সেরা মেধাবী নাট্যকার ছিলেন টম স্টপার্ড।
১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় টমের জন্ম তখন তার নাম রাখা হয় টমাস স্ট্রাউসলার। নাৎসি দখলের আতঙ্কে পরিবার পালিয়ে যায় সিঙ্গাপুরে। সেখানে জাপানি বন্দিশিবিরে মারা যান তার বাবা। তিনি, তার মা ও ভাই জাপানি আক্রমণের আগেই অস্ট্রেলিয়া হয়ে ভারতে চলে আসেন। ভারতে তার মা বিয়ে করেন মেজর কেনেথ স্টপার্ডকে। এরপর তারা চলে যান ইংল্যান্ডে এবং সেখান থেকেই স্টপার্ডের নতুন পরিচয়, নতুন জীবন।

