রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে আগুন লেগে শাহরিয়ার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত ৭ থেকে ৮টি বসতঘর ও একটি দোকান।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ার কড়াইল বস্তির বাসিন্দা ছিলেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

