দেশে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে গামা ইরেডিয়েশন সেন্টার। শনিবার (৩১ অক্টোবর) চীনের সহযোগিতায় গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে স্থাপিত এই সেন্টারের উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ।
এই কেন্দ্রে গামা রশ্মি ব্যবহার করে খাদ্যের ক্ষতিকর অণুজীব ধ্বংস করা হবে। পাশাপাশি ফসলের পচন রোধ, সংরক্ষণকাল বাড়ানো, অঙ্কুরোদগম ঠেকানো, পোকামাকড় দমন এবং দ্রুত পেকে যাওয়া বিলম্বিত করার কাজও করা হবে। একই প্রক্রিয়ায় চিকিৎসাসামগ্রীর স্থায়িত্ব বাড়ানো ও সেগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে।
কৃষিমন্ত্রী বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে দেশি ফসল বিদেশে রপ্তানির সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের মানুষও নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গামা রশ্মির মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাতকরণে খাবার তেজস্ক্রিয় হয়ে যায় না। বরং এটি নিরাপদ খাদ্য সংরক্ষণের একটি বৈজ্ঞানিক পদ্ধতি।

